প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৬:২১
ফরিদগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সার্থক করতে হবে
........ সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং তবররুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৩০ মে ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা যুবদল সদস্য ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি, ২০২৬ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এদেশ যখনই দুঃসময়ের সামনে পড়েছে তখনই একটি পরিবারের সদস্যরা জনতার হয়ে কথা বলেছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন। সেই পরিবার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে সর্বশেষ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই পরিবারটির অবদান অস্বীকার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের হাল ধরেছিলেন, দেশকে বদলে দেওয়ার চেষ্টা শুরু করেছিলেন, তখনই ষড়যন্ত্রকারী ও ঘাতকরা তাকে নিঃশেষ করে দিয়েছে। কিন্তু আজও তিনি জনতার হৃদয়ে অধিষ্ঠিত। তাঁর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের হাল ধরে এ দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। কিন্তু এখনো অনেক ঝড় ঝাপটা, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বিএনপিকে শক্তিশালী করতে হবে। ২০২৬ সালের নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কাগজে কলমে ধানের শীষকে পরাজিত করলেও মানুষের হৃদয় থেকে ধানের শীষ মুছে দিতে পারেনি। ধানের শীষের বিজয়কে কীভাবে অন্যের হাতে তুলে দেওয়া হয়েছে তা আমরা সবাই জানি। ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। একই সাথে বিএনপির
পতাকাতলে ঐক্যবদ্ধ থাকুন। বিজয় আমাদের আসবেই। আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে হবে। তাদের হাতে বিএনপি'র ঝাণ্ডা তুলে দিতে হবে। আর যারা প্রবীণ এবং ত্যাগী রয়েছেন তাদেরকে অবশ্যই তরুণদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সার্থক করতে হবে। আসুন, আমরা সকলে মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর জন্যে দোয়া করি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটোয়ারী, মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমদ, হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির মহসিন পাটোয়ারী, হাবিবুর রহমান রুবেল, মহিলা দলের নেত্রী মাহমুদা পারুল, শারমিন করিম, আলেয়া বেগম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল গাজী, পৌর যুবদলের কামরুল হাসান, কৃষক দলের হেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের মইনুদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা প্রমুখ।
এছাড়া প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল, উপজেলা ওলামা দল, উপজেলা কৃষক দল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আলোচনা ও মিলাদ মাহফিলশেষে তবররুক ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
।








