প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:৩১
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেছেন, “সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও মানসিক বিকাশের দিকে নজর দিতে হবে। সন্তানদের সুশিক্ষিত করে তুলতে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শিশুরা দিনের বেশির ভাগ সময় মায়ের কাছেই থাকে। পাশাপাশি শিক্ষকদের প্রতি অনুরোধ—আপনারা শিক্ষার্থীদের স্নেহ ও যত্নের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। আসুন, আমরা সবাই মিলে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করি এবং মেধা ও মানবিকতায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করি।”
|আরো খবর
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৭৬ নম্বর ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা ভালো ফলাফলের জন্য পুরস্কার অর্জন করেছ, তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে। তবে শুধু ভালো ফলাফল করলেই চলবে না, ভালো মানুষ হওয়াও জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও সততা তোমাদের সফলতার চূড়ায় নিয়ে যাবে।”
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল হোসেন। এতে অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








