প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২
চাঁদপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সওজকে আদালতের নির্দেশ

চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধিগ্রহণ করা জায়গা এবং ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
|আরো খবর
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে সওজ অধিদপ্তর চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় তাদের অধিগ্রহণ করা জায়গার অবৈধ স্থাপনাসমূহ আইনানুযায়ী উচ্ছেদ করে। তবে উচ্ছেদের পর চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজার সংলগ্ন পশ্চিম পাশে পথচারীদের চলাচলের ফুটপাত ও সড়ক বিভাগের জায়গা দখল করে পুনরায় কতিপয় ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তোলেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বাবুরহাটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় মহাসড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। এ ধরনের অবৈধ দখলদারিত্বের কারণে সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি বাড়ছে জনভোগান্তিও।
আদেশে আরও বলা হয়, সরকারি উদ্যোগে উচ্ছেদ অভিযানের পর পুনরায় সরকারি জমি দখল করা একটি গুরুতর অপরাধ। সড়ক ও ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৩১ ধারা এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আদেশে এ ধরনের কর্মকাণ্ডকে আমলযোগ্য অপরাধ হিসেবেও উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
নির্দেশনায় আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরেজমিনে তদন্ত করে ওই স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ দখলদারদের নাম-ঠিকানাসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের এই নির্দেশনা বাস্তবায়িত হলে বাবুরহাট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।
ডিসিকে /এমজেডএইচ








