প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২০:০৮
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনিয়মের দায়ে দু বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরের দুটি বেকারিতে অভিযান চালিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মিথ্যা বিএসটিআইয়ের লোগো বা বিজ্ঞাপন ব্যবহার এবং প্রয়োজনীয় বৈধ লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে এ দণ্ড দেওয়া হয়।
|আরো খবর
অভিযানকালে চাঁদপুর শহরের সরকারি কলেজ সংলগ্ন চিত্রলেখা মোড় এলাকায় অবস্থিত ‘হংকং ব্রেড অ্যান্ড বিস্কিট বেকারি’তে মিথ্যা বিএসটিআই বিজ্ঞাপন ব্যবহার করে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনসহ একাধিক অসংগতি ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিহ্নিত অসংগতিগুলো সংশোধন না করা পর্যন্ত বেকারিটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে বেকারিটি স্থানীয় মালিক সমিতির জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ছাড়া চিত্রলেখা মোড় এলাকার অপর একটি লাইভ বেকারিতেও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার সদস্য মো. বিপ্লব সরকার এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।








