প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২১:৫৭
সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতকর্মী ইউসুফ খানকে দেখতে গেলেন অ্যাড. শাহজাহান মিয়া

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দরজাওয়ালা খান বাড়ির বাসিন্দা ও জামায়াতকর্মী মো. ইউসুফ খানকে দেখতে তাঁর বাড়িতে গেছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং চাঁদপুর-৩ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
|আরো খবর
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বাদ আসর তিনি আহত ইউসুফ খানের বাড়িতে যান। এ সময় তিনি ইউসুফ খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসায় আর্থিক অনুদান দেন।
সফরকালে তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ইউসুফ খানের দোকানপাট ও বাড়িঘরও ঘুরে দেখেন।
ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনের পর অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, "ইউসুফ খান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা ও উত্তম প্রতিদান কামনা করি। পাশাপাশি এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
তিনি আরও বলেন, "আগামী দিনে সব ধরনের রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে আমাদের জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে।"
পরে তিনি এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজি, জামায়াত নেতা মো. আবদুস শুক্কুর মস্তান, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কবির হোসেন খান, ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য প্রার্থী মো. আবুতাহের এবং ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য প্রার্থী হাফেজ বেলাল হোসাইন। এ ছাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








