বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২২:০১

ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-১১

গোবিন্দপুর দক্ষিণের প্রার্থীরা অনেকটা নীরবে এগোচ্ছেন

নুরুল ইসলাম ফরহাদ।।
গোবিন্দপুর দক্ষিণের প্রার্থীরা অনেকটা নীরবে এগোচ্ছেন

উপজেলা একটাই, কিন্তু নির্বাচনী আমেজ ভিন্ন ভিন্ন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি কেউ দুই-তিন বছর আগে থেকে নিয়েছেন, কেউ মাত্র শুরু করেছেন, আবার কেউ এখনো চিন্তা করছেন। তাই কোনো ইউনিয়নে নির্বাচনের আমেজ শুরু হয়েছে, আবার কোথাও কোনো সাড়াশব্দ নেই। তেমনি একটি ইউনিয়ন গোবিন্দপুর দক্ষিণ। এখানকার প্রার্থীরা অনেকটা নীরবে এগোচ্ছেন। তাই তো কতজন বা কে কে প্রার্থী, তা বোঝা যাচ্ছে না।

১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আয়তন ১১.৭১৪ বর্গকিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন; পূর্বে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভা; উত্তরে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা। ফরিদগঞ্জ এলজিআরডির অসহযোগিতার কারণে উক্ত ইউনিয়নের রাস্তার পরিসংখ্যান দেওয়া সম্ভব হয়নি। এ ইউনিয়নে ২টি বাজার রয়েছে। বাজারগুলো হলো রামপুর বাজার ও গোয়ালভাওর বাজার।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার ২৬ হাজার ৭০১ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ১৬১ জন, মহিলা ১২ হাজার ৫৩৯ জন। মোট ভোটকেন্দ্র ১০টি, ভোটকক্ষ ৫০টি।

বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত আলাউদ্দিন আহমেদ। তিনি এবার নির্বাচন করবেন না বলে শোনা যাচ্ছে। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন বিএনপির আব্দুল হান্নান। ২০১৬ সালে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। যদি দল তাঁকে মনোনয়ন দেয়, তবে তিনি এবারও নির্বাচন করবেন। এখানে বিএনপি পরিবার থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন—চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর হোসেন পাটওয়ারী; উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার আহম্মেদ ভূঁইয়া এবং বর্তমান ইউপি সদস্য ও তরুণ সমাজকর্মী অ্যাডভোকেট মাসুদ গাজী। জামায়াত সমর্থিত সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়