শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭

ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-১২

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুত

নুরুল ইসলাম ফরহাদ
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুত

উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত দুটি ইউনিয়নের একটি ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন। এ ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট কাঁচা। নদী দখলের কারণে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো খুবই দুর্বল। এক কথায় চরদুঃখিয়াবাসীর দুঃখের শেষ নেই। সন্তোষপুর দরবার শরীফ এই ইউনিয়নে অবস্থিত।

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আয়তন ১৬.৩৫ বর্গকিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন, উত্তরে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, পূর্বে রূপসা দক্ষিণ ইউনিয়ন ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা এবং দক্ষিণেও রায়পুর উপজেলা অবস্থিত। এ ইউনিয়নে ৪টি বাজার রয়েছে। বাজারগুলো হলো—গুদারাঘাট বাজার, ইসলামগঞ্জ বাজার, বেড়ীর বাজার ও বেপারী বাজার। হায়দার আলী বেপারী বাড়ি ও বেপারী বাজারের সামনের ডাকাতিয়া নদীর অপরূপ দৃশ্য, জমাদার বাড়ি স্টিল ব্রিজ ও ঝিল হলো এই ইউনিয়নের দর্শনীয় স্থান।

উপজেলা এলজিইডি অফিসের অসহযোগিতার কারণে এই ইউনিয়নের রাস্তাঘাটের সঠিক তথ্য উল্লেখ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই ইউনিয়নের মোট ভোটার ২৫ হাজার ৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৫২১ জন এবং নারী ১২ হাজার ২৭৪ জন। মোট ভোটকেন্দ্র ৯টি, ভোটকক্ষ ৪৯টি।

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান। অনুকূল পরিবেশ পেলে তিনি নির্বাচন করবেন বলে গুঞ্জন রয়েছে। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন বিএনপির মো. বাছির আহমেদ। বাছির আহমেদ ওই ইউনিয়নের জনপ্রিয় প্রার্থী। তিনি দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও তিনি প্রার্থী হবেন। বাছির আহমেদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন টেলুও এবার প্রার্থী হচ্ছেন। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশিক ইকবাল তানভীরও প্রার্থী। আরো প্রার্থী হচ্ছেন : সৌদি আরবের দাম্মাম আল-খোবার মহানগর শাখা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাই সিদ্দিকী লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন ভূঁইয়া (খোকন)। বিএনপির পদ না থাকলেও বিএনপি করেন, এমন অনেকেই নির্বাচন করতে চান। এদের মধ্যে অন্যতম সুমন হাওলাদার। জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক রসুল আহমেদ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়