শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৭

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৮০

শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজসহ ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়তে চাই

-------আব্দুল হামিদ সার্ভেয়ার

জসীমউদ্দীন (হৃদয়)
শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজসহ ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়তে চাই

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ভাবনা, পরিকল্পনা ও এলাকার উন্নয়ন নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকারের অংশ হিসেবে কথা হয়েছে আব্দুল হামিদ সার্ভেয়ারের সঙ্গে। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মজিবুর রহমান ও মাতা তাহেরুন্নেসা। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেছেন। পেশায় তিনি একজন সার্ভেয়ার।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা। তিনি ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি, ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে চাঁদপুর সদর উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের আস্থাভাজন হিসেবে পরিচিত আব্দুল হামিদ সার্ভেয়ার দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথাও জানিয়েছেন।

দৈনিক চাঁদপুর কণ্ঠের পাঠকদের জন্য তাঁর নির্বাচনী ভাবনা, সামাজিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হলো :

চাঁদপুর কণ্ঠ : আপনি কোন্ পরিচয়, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান? আপনার মূল লক্ষ্য ও জনগণের জন্য স্বপ্ন কী?

আব্দুল হামিদ সার্ভেয়ার : আমি একজন সাধারণ পরিবারের সন্তান। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি এবং পেশাগত জীবনে একজন সার্ভেয়ার হিসেবে কাজ করছি। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। মানুষের কাছাকাছি থেকে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করেছি।

আমার মূল লক্ষ্য হলো একটি শিক্ষিত, মাদকমুক্ত, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তোলা। আমি বিশেষ করে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমাদের এলাকার প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পায়, তরুণ সমাজ যেন সঠিক পথে এগিয়ে যেতে পারে এবং সাধারণ মানুষ যেন ন্যায্য অধিকার ও সরকারি সেবা পায়—এটাই আমার স্বপ্ন।

চাঁদপুর কণ্ঠ : আপনি কোনো দলীয় সমর্থনের আশায় নির্বাচন করতে চান, নাকি নির্দলীয়ভাবে নির্বাচন করবেন? দলীয় সমর্থনে, না নির্দলীয়ভাবে—কীভাবে নির্বাচনে অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন?

আব্দুল হামিদ সার্ভেয়ার : আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়েও রাজনীতির মাঠে থাকার চেষ্টা করেছি। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতা ও হয়রানির শিকার হয়েছি, কিন্তু আদর্শ ও দলের প্রতি ভালোবাসা থেকে কখনো পিছপা হইনি।

আমি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। দল আমাকে যে সিদ্ধান্ত দেবে, আমি তা মাথা পেতে নেবো। দল যদি আমাকে জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবো। আর দল অন্য কাউকে মনোনয়ন দিলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের জন্য কাজ করে যাবো। রাজনীতি আমার কাছে শুধু পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের পাশে থাকার একটি মাধ্যম।

চাঁদপুর কণ্ঠ : আপনার ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা কী বলে মনে করেন? ছোট-বড় সকল সমস্যার সমাধানে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা কী?

আব্দুল হামিদ সার্ভেয়ার : আমার দৃষ্টিতে একটি এলাকার উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ—সবকিছুর সমন্বয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

আমাদের ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

আমি সুযোগ পেলে কয়েকটি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেবো--প্রথমত : শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে কাজ করবো। দ্বিতীয়ত : মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করবো। তৃতীয়ত : নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করবো। চতুর্থত : এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, পানি নিষ্কাশন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সমস্যার অগ্রাধিকারভিত্তিক সমাধানে কাজ করবো।

আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধির সদিচ্ছা, জনগণের সহযোগিতা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ থাকলে অনেক সমস্যারই সমাধান সম্ভব।

চাঁদপুর কণ্ঠ : স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সরকারি সেবার জবাবদিহিতা নিশ্চিত করতে আপনি কী পদক্ষেপ নেবেন?

আব্দুল হামিদ সার্ভেয়ার : জনপ্রতিনিধির প্রথম দায়িত্ব হলো জনগণের আমানত রক্ষা করা। আমি ব্যক্তিগতভাবে অন্যায়, অনিয়ম ও দুর্নীতিকে ঘৃণা করি। সামাজিক দরবারের নামে কোনো ধরনের অনৈতিক লেনদেন বা অসহায় মানুষের ওপর অন্যায় চাপিয়ে দেওয়ার বিষয়টি কখনো সমর্থন করি না।

আমি দায়িত্ব পেলে সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের কাজে স্বচ্ছতা বজায় রাখবো। জনগণের সামনে কাজের হিসাব তুলে ধরার চেষ্টা করবো। পরিষদের সেবা যেন কোনো মধ্যস্বত্বভোগী বা অনৈতিক সুবিধা ছাড়াই সাধারণ মানুষ পেতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করব।

বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। আমার কাছে চেয়ারম্যানের পদ মানে ক্ষমতা ভোগ করা নয়; বরং জনগণের কাছে জবাবদিহি করা।

চাঁদপুর কণ্ঠ : আপনি নির্বাচিত না হলেও কি জনগণের পাশে থাকবেন? জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ কীভাবে বজায় রাখবেন?

আব্দুল হামিদ সার্ভেয়ার : অবশ্যই। মানুষের পাশে থাকার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া বাধ্যতামূলক নয়। আমি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে।

নির্বাচিত হই বা না হই, এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করবো। সাধারণ মানুষের সঙ্গে আমার যোগাযোগ আগেও ছিলো, ভবিষ্যতেও থাকবে। মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সহযোগিতা করাই আমাদের রাজনীতির অন্যতম উদ্দেশ্য।

চাঁদপুর কণ্ঠ : আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ভোটাররা কেন আপনাকেই ভোট দেবেন? তাঁদের উদ্দেশে আপনার সংক্ষিপ্ত বার্তা কী?

আব্দুল হামিদ সার্ভেয়ার : আমি কাউকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হিসেবে ছোট করে দেখতে চাই না। প্রত্যেকেরই নিজস্ব যোগ্যতা ও অবস্থান রয়েছে। তবে আমি বিশ্বাস করি, জনগণ এমন একজন প্রতিনিধি চান, যিনি মানুষের কথা শুনবেন, বিপদে পাশে থাকবেন এবং অন্যায়ের সঙ্গে আপস করবেন না।

আমি যদি জনগণের ভালোবাসা ও সমর্থন পাই, তাহলে সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।

আমার এলাকার সম্মানিত ভোটার ও সর্বস্তরের মানুষের কাছে আমার অনুরোধ—আপনারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব বেছে নেবেন। আমি আপনাদেরই একজন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নগুলোর বাইরে আপনার অন্য কোনো বক্তব্য থাকলে তুলে ধরতে পারেন।

আব্দুল হামিদ সার্ভেয়ার : আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের সমাজকে সুন্দর করতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, মানুষের চিন্তা-চেতনা ও নৈতিকতারও উন্নয়ন করতে হবে।

আমি মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি সুস্থ সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমাদের যুবসমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না। সামাজিক দরবারের নামে অন্যায় বিচার কিংবা অনৈতিক লেনদেনের সংস্কৃতি থেকে সমাজকে বের করে আনতে চাই।

সবশেষে বলতে চাই, রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। দল ও দলের নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবেন, তা সম্মانی সঙ্গে মেনে নিয়ে আজীবন দলের জন্য কাজ করে যেতে চাই। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি।

একটি সুন্দর, শিক্ষিত, মাদকমুক্ত ও মানবিক শাহ মাহমুদপুর ইউনিয়ন গড়ে তোলাই আব্দুল হামিদ সার্ভেয়ারের প্রধান প্রত্যাশা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়