সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ২১:৩৪

৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প

স্টাফ রিপোর্টার।।
৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল ৯টায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের নিচতলার কমিউনিটি সেন্টারে দ্বিতীয়বারের মতো এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিকরা এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। ক্যাম্পটি সফল করতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করবেন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মেডিকেল টিমে দায়িত্ব পালন করবেন : মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সৈয়দ আহমদ কাজল, সার্জারি বিশেষজ্ঞ ডা. নূরে আলম মজুমদার, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. বরকত উল্লাহ এবং গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার। তাঁদের সঙ্গে থাকবেন প্যাথলজিস্ট মো. সিরাজ, দুজন নার্স ও তিনজন সহকারী। এ টিমের মাধ্যমে সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান, রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল টিমে থাকবেন মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জেলানী মুন্সী, জনসংযোগ কর্মকর্তা নাসিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রাসিদা আক্তার, প্রধান সহকারী জসিম উদ্দিন এবং এমএলএসএস রাসেল ইসলাম। এ টিমের তত্ত্বাবধানে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হবে।

অন্যদিকে, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষে চিকিৎসাসেবা প্রদান করবেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. হাবিবুর রহমান। তাঁর সঙ্গে থাকবেন রিফ্রেকশন ইউনিট ইনচার্জ মো. নাসির আহম্মেদ, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর এবং প্রোগ্রাম অফিসার মো. আলআমিন । সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য ক্লাবের সকল সদস্য, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে প্রয়োজনে প্রেস ক্লাব সভাপতির মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে (`০১৭১১০১৩৪৪৪`) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী সদস্য, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নাম এবং মোট সংখ্যা আগাম প্রেস ক্লাবের অফিস ইনচার্জ কাম ম্যানেজার মো. মাসুদ দেওয়ানের কাছে মৌখিকভাবে তালিকাভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়