প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:৫৮
কচুয়ার কড়ইয়া স্বাস্থ্য কেন্দ্র চলছে মাত্র ১ জনের ভরসায়, ৭ মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ

মাত্র একজন জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কচুয়া উপজেলার ৪নং কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এর ওপর গত ৭ মাস ধরে কেন্দ্রটিতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় রোগীরা।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সরেজমিন কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, পুরো চিকিৎসালয় সামলাচ্ছেন মাত্র একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার—নাছিম আহমেদ। তিনি জানান, স্বাস্থ্য কেন্দ্রটিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও এমএলএসএস (পিয়ন)-এর মতো গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তিনি ছাড়া এখানে আর কোনো জনবল নেই। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা।
স্থানীয় বাসিন্দারা জানান, কড়ইয়া ইউনিয়নের একমাত্র নলুয়া স্বাস্থ্য কেন্দ্রটিতে অতীতে প্রচুর পরিমাণে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা দেওয়া হতো। কিন্তু তীব্র লোকবল সংকটের কারণে বর্তমানে সেই সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকার প্রসূতি মায়েরা।
এলাকার বাসিন্দা আব্দুল হালিম আক্ষেপ করে বলেন, "জরুরি প্রয়োজনে হাসপাতালে এলে একজন ডাক্তার শুধু প্রেসক্রিপশন লিখে দেন, কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না। হাসপাতালের অন্য বিভাগেও কোনো লোকবল নেই। ফলে আমরা মৌলিক ও জরুরি স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছি।"
অনুসন্ধানে জানা যায়, কেবল কড়ইয়া ইউনিয়নই নয়; কচুয়া উপজেলার বাকি ৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকেও গত এপ্রিল মাসের পর থেকে কোনো ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে না।
এ বিষয়ে চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জানায়, জনবল সংকটের কারণে বিভিন্ন পদ শূন্য রয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৪ সালের ডিসেম্বরে পাঁচ বছর মেয়াদী সেক্টর প্রোগ্রামের অনুমোদন না পাওয়ায় বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। তবে আশা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে এই সংকট কেটে যাবে এবং পুনরায় ওষুধ সরবরাহ শুরু হবে।








