প্রকাশ : ০১ মে ২০২৬, ২২:৩০
মহান মে দিবসে চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা ও র্যালি
শ্রমিকের ঘামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় প্রকৃত উন্নয়ন ও সভ্যতা
------ শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন

মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগে দলীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
|আরো খবর
আলোচনা সভা শেষে বিপণীবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শ্রমিক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইতুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন।
তিনি তাঁর বক্তব্য বলেন, মালিক-শ্রমিকের সকল প্রকার বৈষম্য দূর করে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, তাহলে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শ্রমিকের ঘামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় প্রকৃত উন্নয়ন ও সভ্যতা। অথচ আমরা শ্রমিক এবং মালিকদের মধ্যে বৈষম্য করে রেখেছি।
তিনি বলেন, আজ আমাদের দেশে শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের ন্যায্য পাওনা মজুরি সঠিকভাবে পরিশোধ করা হয় না। বেতন-ভাতা মাসের পর মাস বকেয়া করে রাখা হয়।শ্রমিকদের সাথে ইনসাফ করা হয় না। প্রকৃত শ্রমের মূল্য দেয়া হয় না। অথচ প্রকৃত শ্রমের মূল্যের বিনিময়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমাদের দেশে প্রতিবছর অসংখ্য শ্রমিক নির্যাতনের ফলে হত্যার শিকার হচ্ছে। সেগুলো বন্ধ করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দিতে হবে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর
চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মাদ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিবুল্লাহ বেপারীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহ , ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা হাফিজুর রহমান বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইয়সিন প্রধানিয়া, সদর উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মিলন খান, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ সফিকুল ইসলাম রাজু, কচুয়া উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাজহারুল ইসলাম প্রমুখ।








