প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:২৩
বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ও সমন জারি করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।
|আরো খবর
এর আগে গত ২ সেপ্টেম্বর ২০২৬ আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী আমেনা বেগম (৫৫) চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা আব্দুর রহমান খানের স্ত্রী। মামলায় তাঁর ছেলে আবদুল্লাহ আল নোমান (৩৫) ও পুত্রবধূ সুমি বেগম (২৭)কে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাহীম (রুবেল) রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি পলাতক থাকলেও দ্বিতীয় আসামি সুমি বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জানতে পেরেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বাদী আমেনা বেগম ও তাঁর স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে ছেলে নোমান ও পুত্রবধূ সুমি বেগম তাঁদের নিয়মিত ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকেন এবং প্রায়ই গালমন্দ ও মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে বৃদ্ধ দম্পতি নিজেদের বাড়িতেও বসবাস করতে পারছিলেন না। বাধ্য হয়ে প্রতিকার চেয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হন।
এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেওয়ার পর পুলিশ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির বাদী ও তাঁর অসুস্থ স্বামীকে শহরের ব্যাংক কলোনিতে তাঁদের নিজ বাড়িঘর নিরাপদে বুঝিয়ে দেন।








