শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯

দেড় যুগ পর জাতীয় সংসদে চাঁদপুর থেকে বিএনপির ৪ এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
দেড় যুগ পর জাতীয় সংসদে চাঁদপুর থেকে বিএনপির ৪ এমপি

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে বিজয়ী হয়ে সর্বশেষ জাতীয় সংসদে বিএনপির এমপি হিসেবে গিয়েছেন লায়ন মো. হারুনুর রশিদ। তারপর দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গেলো। এসব নির্বাচনের মধ্যে বিএনপির দুটি নির্বাচন বর্জন ও একটিতে অংশগ্রহণের পরও অনুকূল পরিবেশ না থাকায় বিএনপির কেউ নির্বাচিত হতে পারায় চাঁদপুর থেকে জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব ছিলো না। আওয়ামী লীগের টিকেটে মনোনীত এমপিরাই চাঁদপুর থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। ১৮ বছর পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এমএ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে পাঁচটি আসনের পোস্টাল ভোটসহ ৭১১টি ভোট কেন্দ্রের ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার তাঁর কার্যালয়ে ঘোষণা করেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১১টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রের ১লাখ ৭০হাজার ৫৮৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটভুক্ত এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৬ ভোটকেন্দ্রে ১লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১৮ টি কেন্দ্রের ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিংড়ি প্রতীকে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এমএ হান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী, ২০০৮ সালে বিএনপির টিকেটে নির্বাচিত এমপি মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৬৯২ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ১৫৯ টি কেন্দ্রে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭৫ হাজার ৬৬০ ভোট।

উল্লেখ করার মতো বিষয় এই যে, বিএনপি ও বিএনপির বিদ্রোহী ছাড়া বস্তুত অন্য কেউই চাঁদপুর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে যেতে পারলো না, যদিও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয়ী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে যাওয়ার সমূহ সম্ভাবনা ফলাফল ঘোষণার স্বল্প সময় পূর্ব পর্যন্ত বিরাজ করছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়