শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৭

ফরিদগঞ্জে সর্বোচ্চ ৫২ কেন্দ্রে পাস করেও জয় পেলেন না ধানের শীষের প্রার্থী

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে সর্বোচ্চ ৫২ কেন্দ্রে পাস করেও জয় পেলেন না ধানের শীষের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৯১ হাজার ২৬০ জন। মোট ১১৮টি ভোটকেন্দ্রে ২ লাখ ১৫ হাজার ৬৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, প্রার্থী সংখ্যা বেশি হলেও অধিকাংশ কেন্দ্রে ৩ থেকে ৫ জন প্রার্থীর এজেন্ট সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ১১৮টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ৫২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিজয় অর্জন করেন। তবে অন্য কেন্দ্রগুলোর ফলাফলসহ মোট ভোটের হিসাব অনুযায়ী তাঁকে দ্বিতীয় অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ভোট গণনায় তিনি মোট ৬৭ হাজার ৮৩৩ ভোট পান।

এছাড়া প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত ভোটারদের অংশগ্রহণে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ৬ হাজার ৬০৪ ভোট পড়ে, যার মধ্যে ছিলো ধানের শীষ প্রতীকে ১ হাজার ৩২২ ভোট। সব মিলিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ মোট ৬৯ হাজার ১৫৫ ভোট পেয়েছেন ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সর্বোচ্চসংখ্যক কেন্দ্রে এগিয়ে থাকলেও সামগ্রিক ভোটের ব্যবধানে পিছিয়ে পড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয় নিশ্চিত হয়নি। নির্বাচনের ফলাফল ঘিরে এলাকাজুড়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে কি শুক্রবার সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল বিপর্যয়ের কারণ নিয়ে চলছিলো নানা তর্ক-বিতর্ক। অন্যদিকে বিজয়ী প্রার্থী এমএ হান্নানকে অভিনন্দন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সরব। উভয় প্রার্থীর বাড়িতেই ভিড় দেখা গেছে সকাল থেকেই। কোথাও আবেগঘন পরিবেশ, কোথাও আনন্দ উৎসবের ছড়াছড়ি ছিলো। অন্যদিকে আরেক প্রার্থী জামায়াত ইসলামীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীকে নির্বাচনোত্তর বিভিন্ন স্থানে কর্মীদের সাথে মতবিনিময় করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়