প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৭
মেঘনা এক্সপ্রেস লাকসামে দুর্ঘটনার শিকার।। বগি ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে লাকসাম জংশনে পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসার পর লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটির ইঞ্জিন ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় এনে বগির সঙ্গে সংযুক্ত করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি বগির সঙ্গে ধাক্কা লাগে। এতে একটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার ফলে ট্রেনটির নির্ধারিত সময়সূচি বিপর্যস্ত হয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা থেকে সাড়ে ৯টায় চাঁদপুর বড় স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ে চাঁদপুরে পৌঁছাতে পারেনি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি এখনো চাঁদপুরের পথে রওনা হতে পারেনি।
দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা উদ্ধার ও মেরামত কাজে নিয়োজিত রয়েছেন।
চাঁদপুর বড় স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার সোয়েবুল শিকদার জানান, চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেসটি লাকসাম জংশনে পৌঁছানোর পর দিক পরিবর্তনের জন্যে ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। এ সময় ইঞ্জিনটি বগির সঙ্গে সংযুক্ত করার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনে সমস্যা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কখন লাইন ক্লিয়ার হবে এবং মেঘনা এক্সপ্রেস কখন চাঁদপুরে পৌঁছাবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাইন স্বাভাবিক হলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।








