বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২২:১৭

মতলব উত্তরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৮ কেজি ইলিশ জব্দ, আটক ৪

মতলব উত্তরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৮ কেজি ইলিশ জব্দ, আটক ৪
মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও মোহনপুর নৌ পুলিশ। বুধবার (২১ অক্টোবর ২০২৬) দিবাকালীন ও সান্ধ্যকালীন দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২৮ কেজি ইলিশ মাছ এবং মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।

দিবাকালীন অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এবং মোহনপুর নৌ পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে উপজেলার মোহাম্মদপুর, বোরোচর, বাহাদুরপুর, কালিরচর ও এখলাসপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ ও চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মো. মহিন (২২) ও মো. আসিফ হোসেন (১৯)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সান্ধ্যকালীন আমিরাবাদ, জনতার বাজার এবং মোহনপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন।

অভিযানে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা ইলিশ মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম জানান, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে মেঘনা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নদী, বাজার ও আড়তগুলোতে সমানভাবে অভিযান পরিচালনা করছি। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়