প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২০:২৩
হাজীগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি
মাইনোরিটি' শব্দ ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে

"আপনাদের কাছ থেকে 'মাইনোরিটি' (সংখ্যালঘু) শব্দটি যেভাবে আসে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের চৌদ্দ পুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছেন। বংশপরম্পরায় আপনারা এই মাটিতেই জন্মেছেন এবং বাংলাদেশের নাগরিক। এখানে আপনারা যেভাবে বসবাস করছেন, ঠিক একইভাবে ভারতেও আমাদের মুসলমানরা বসবাস করেন। সম্প্রীতির এই ভূখণ্ডে আমরা যেন কোনো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বা সংঘাত সৃষ্টি না করি।"
|আরো খবর
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাতে হাজীগঞ্জের বাকিলা মাখন মণ্ডল দাস বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে আরও বলেন, "আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে প্রতিনিধি নির্বাচিত করেছেন। ফলে আমার ওপর আপনাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সমাজের যেকোনো সমস্যা আপনাদের প্রতিনিধিরাই সমাধান করবেন। সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে অন্য কারো হস্তক্ষেপ বা উপস্থিতি আমরা চাই না। ধর্মীয় বা সামাজিক কোনো বিষয়ে কেউ সমস্যা সৃষ্টি করলে আমাকে সরাসরি জানাবেন।"
রাজনীতি প্রসঙ্গে টেনে প্রকৌশলী মমিনুল হক এমপি বলেন, "বিগত ১৭ বছর আমাদের অনেক নেতাকর্মী রাতে বাড়িতে ঘুমাতে পারেননি। তৎকালীন ক্ষমতাসীন দল ও আমাদের রাজনৈতিক ধারার মধ্যে বড় পার্থক্য রয়েছে; আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে আসি, তখন সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।"
মণ্ডপ কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী প্রানেশ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন বিষয়ক প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী হাসান মিয়াজী, বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, উপজেলা যুবদল নেতা শুকুর আলম বেপারী, মমিন বেপারী, মোবাশ্বের মোল্লা, শেখ খোরশেদ, ইউনিয়ন যুবদল নেতা মোশারফ হোসেন মোল্লা, আক্তার বেপারী, খোকন গাজী, ইউনিয়ন ছাত্রদল নেতা মোতালেব গাজী, রিয়াজুল ইসলাম রিয়াদ, শ্রমিক দল নেতা আলাউদ্দিন তরুণসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ভক্তবৃন্দ।
উল্লেখ্য, ওই রাতে প্রকৌশলী মমিনুল হক এমপি হাজীগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল ও মতবিনিময় করেন।






