বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৮:৪৯

মতলব উত্তরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি।।
মতলব উত্তরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মতলব উত্তরে বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন খোকন উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের এলাহী প্রধানের ছেলে। তিনি পেশায় একজন কনজুমার পণ্যের ডিলার ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী গোলাম নবী খোকন জানান, আক্তার হোসেন মোটরসাইকেল নিয়ে মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেব বাজারের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রলিটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বেড়িবাঁধ সড়কে অবৈধ ও বেপরোয়া বালুবাহী ট্রলির অবাধ চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্ত এবং চালককে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়