প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৫:২৩
ফরিদগঞ্জে অনন্যা নারী কল্যাণ সংঘের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফরিদগঞ্জে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের (রেজি নং: যুউী-চাঁদ/২০২৪-১১) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল।
চিকিৎসা সেবা নিতে আসা একাধিক নারী জানান, গ্রামে বসে বিশেষজ্ঞ, বিশেষ করে গাইনি চিকিৎসকের পরামর্শ পাওয়া তাদের জন্যে বেশ কঠিন। এছাড়া শহরে গিয়ে ডাক্তার দেখানো, ফি প্রদান এবং ওষুধ কেনায় অনেক খরচ হয়। এখানে এসে বিনামূল্যে সেবা ও চিকিৎসা পরামর্শ মেলায় তাদের বড় ধরনের সাশ্রয় হয়েছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলে তারা মনে করেন।
অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিশেষ করে নারীদের কল্যাণে তাদের সংগঠন কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বছরজুড়েই এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "এটি অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। গ্রাম থেকে যেসব অসচ্ছল মানুষ শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, এ ধরণের ক্যােম্পর মাধ্যমে তারা দারুণভাবে উপকৃত হচ্ছেন।"
ফ্রি মেডিক্যাল ক্যােম্পর চিকিৎসা দলপ্রধান ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, "ছুটির দিনে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। দরিদ্র ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।"







