প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২৩:২৩
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য হলেন অ্যাডভোকেট আকাশ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন চাঁদপুর বাস্কেটবল একাডেমির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ।
জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো. রায়হান সিদ্দিকী প্রবাল। কমিটি গঠনের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।
অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ জাতীয় পর্যায়ের এই কমিটিতে স্থান পাওয়ায় চাঁদপুর বাস্কেটবল একাডেমি সহ পুরো জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাঁর এই অর্জনকে চাঁদপুরের ক্রীড়াঙ্গনের জন্য বড় গৌরব ও সম্মান হিসেবে দেখছেন।
চাঁদপুর বাস্কেটবল একাডেমির এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, সততা, নিষ্ঠা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ দেশের বাস্কেটবল খেলায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে চাঁদপুরের একজন ক্রীড়া সংগঠককে জাতীয় পর্যায়ে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
চাঁদপুর বাস্কেটবল একাডেমির সকল খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।








