প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২৩:১৯
শাহতলী কামিল মাদরাসায় নজরুলবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ঐতিহাসিক শাহতলী কামিল মাদরাসায় ‘নজরুলবর্ষ’ উপলক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এ আয়োজন করায় ধন্যবাদ জানাই। কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি। তিনি যুবসমাজকে অন্যায়, জুলুম এবং অন্ধকারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন। শিক্ষার্থীদের মধ্যে কবির আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে। নজরুল আমাদের শিখিয়েছেন কীভাবে জ্ঞান ও সাহিত্যের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করা যায়।"
তিনি আরও বলেন, "কেবল প্রতিযোগিতায় বিজয়ী হলেই চলবে না, নজরুলের সেই অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম এবং ইসলামের সুমহান মানবিক মূল্যবোধ নিজেদের জীবনে ধারণ করতে হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক জেলা পর্যায়ের এ ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে সুস্থ ধারার সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতির দিকে ধাবিত করবে।"
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. ইকবাল এবং চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আজিজুল হক।
প্রতিযোগিতার সার্বিক রূপরেখা তুলে ধরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. ইকবাল বলেন, "ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এ আয়োজন করেছে এবং এটিই শেষ নয়। ইতোমধ্যে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে। সেখান থেকে উত্তীর্ণ হয়ে যারা জেলা পর্যায়ে এসেছেন, তারা বিভাগীয় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশ নেবেন। সবকিছু ঠিক থাকলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।"
শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক নূর আহমেদ, গাজীপুর আহম্মদিয়া ফাযিল মাদরাসার বাংলা প্রভাষক ওমর ফারুক, ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ফরহাদুল হাসান, চাঁদপুর আহম্মদিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক বোরহান উদ্দিন, ভোলদিঘি কামিল মাদরাসার প্রধান ফকিহ আবুল হাসানাত, সুহিলপুর ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মো. হানিফ মিয়াজী, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে হাসা ফাযিল মাদরাসার ছাত্র আল নাসিম।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন মিজি, নিশ্চিন্তপুর ডিএসআই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক নূর আহম্মদ ও ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ফরহাদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজারগাঁও ফাযিল মাদরাসার ছাত্র মো. রবিউল হাসান।
উল্লেখ্য, প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮টি উপজেলার ১৮টি মাদরাসার মোট ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে সাধুবাদ জানান।
ক্যাপশন:** শাহতলী কামিল মাদরাসায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুলবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।








