সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০২:৫১

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৪১

খাদেরগাঁও ইউনিয়নে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য

-----------এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী  

মুহাম্মদ আরিফ বিল্লাহ
খাদেরগাঁও ইউনিয়নে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য

দুর্নীতি, মাদক এবং চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি খাদেরগাঁও ইউনিয়ন পরিষদকে জনগণের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর জীবনমানের উন্নয়নের পাশাপাশি সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা আমার প্রধান লক্ষ্য। চাঁদপুর কণ্ঠের 'স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি' শিরোনামের সাক্ষাৎকারে এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনৈতিক কাজের সাথে সক্রিয় থেকে দলের সকল কাজে সম্পৃক্ত ছিলাম এবং এখনও আছি। জনসেবার এ সুযোগ পেতে দলীয় সমর্থন, জনগণের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। নিচে বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।

চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের কোথা থেকে এবং কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : আমি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করি এবং অদ্যাবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি। বর্তমানে আমি মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী

চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : জনগণের কাছাকাছি থেকে দেশের জন্যে কিছু করার মানসিকতা সবসময়ই নিজেকে তাড়া দেয়। সেই তাড়না থেকেই জাতীয়তাবাদী দলের ব্যানারে থেকে রাজনীতি করা। জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ সাথী হিসেবে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত‍য় ব‍্যক্ত করছি। আমি নির্বাচন কমিশনের অধীনে অতীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : আমি প্রত্যক্ষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করি। দলের কাছে এবং জনগণের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, আমি দলের সিদ্ধান্তের সাথে পূর্বেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান? না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে আমার পরিচিতি এবং জনপ্রিয়তার কথা মানুষের অজানা নয়। এছাড়া আমার পিতা মরহুম তাফাজ্জল হোসেন পাটোয়ারী এই ইউনিয়নের একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। আমি আমার মরহুম পিতার পথ অনুসরণ করে গণমানুষের হৃদয়ে থাকতে চাই। আমি নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে জনগণের ভোটে বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধেই নামবো ইনশাআল্লাহ।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : নির্বাচনকেন্দ্রিক আমার প্রধান পরিকল্পনা দলের মনোনয়ন প্রাপ্তির প্রচেষ্টা। একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখনই সুযোগ পেয়েছি সরকারি-বেসরকারি এবং ব্যক্তিগতভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। আমার নির্বাচনী এলাকার মাঝ বরাবর দিয়ে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কটি গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে। এর একটা সুফল জনগণ পাচ্ছে। তাছাড়া অন্যান্য রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ক্ষেত্রেই কাজের ছোঁয়া রাখার চেষ্টা করেছি। দীর্ঘ রাজনৈতিক পরিमंडলে আমি জনতার মাঝে আছি, বর্তমানে উনারাই আমার ভোটার। বিগত দিনে ভোটারগণ আমার কর্মের সুফল পেয়েছেন। তাই ভোটারদের দ্বারে দ্বারে আমার গণসংযোগ অনেকটাই সহজ হচ্ছে।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান কাণ্ডারী প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারের সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপহার দেবেন এটাই জনগণের প্রত্যাশা। নিরপেক্ষ স্থানীয় প্রশাসন ও জনসচেতনতা আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে বলে আমি বলে মনে করি।

চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : ৩নং খাদেরগাঁও ইউনিয়নের জনগণ আমার আপনজন। তাদের আর্থ-সামাজিক নিরাপত্তায় কাজ করার চেষ্টা করে যাবো সবসময়। সে জন্যে মাদক নির্মূল, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ, কিশোর গ্যাং দমন, প্রজন্মের মননে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টির বিষয়ে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

চাঁদপুর কণ্ঠ : উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারেন।

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার বিভাগের তৃণমূলের একটি প্রতিষ্ঠান। এখানকার প্রতিটি মানুষের প্রতি আমাদের যত্ন নিতে হবে। সেজন্যে বাসযোগ্য আধুনিক ৩নং খাদেরগাঁও ইউনিয়ন গড়ে তুলতে সামাজিক মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করবো। ইনসাফ ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করছি।

চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।

বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী : আমি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, দক্ষিণ নারায়ণপুর পাটোয়ারী বাড়িতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমার বাবা তাফাজ্জল হোসেন পাটোয়ারী ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি অত্র ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার চাচা হোসেন পাটোয়ারীও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমার বাবার আদর্শেই আমার বেড়ে ওঠা এবং উনার হাত ধরেই আমার রাজনীতিতে আসা। আমি অত্র ইউনিয়নের ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নির্বাচিত সভাপতিও ছিলাম। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।
পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক সংগঠন হিসেবে পরিচিত নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন যাবত জড়িত আছি। অতীতের ন্যায় আগামীদিনেও আমার বাবা-চাচাদের মতো এই সমাজের মানুষের কল্যাণে কাজ করতে চাই।
ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়