প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৮:২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ভয়ঙ্কর হ্যাকার রাকিব অবশেষে পুলিশের জালে

২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে সাইবার হামলা চালিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে মো. রাকিবুল হাসান (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
|আরো খবর
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া এলাকার শিপন তপাদারের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন কাতারে অবস্থান করছিলেন। সেখান থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে সক্রিয় থেকে তিনি বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল ছবি ও তথ্য পোস্ট করে সম্মানহানি করে আসছিলেন। এসব ঘটনায় ভুক্তভোগীদের অনেকে পূর্বে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
সম্প্রতি রাকিব গোপনে দেশে ফেরেন। স্থানীয় জনগণ তার উপস্থিতি টের পেয়ে খবর দিলে শনিবার (৩ অক্টোবর ২০২৬) ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি দল কৌশল খাটিয়ে তাকে আটক করে।
ফরিদগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলায় (মামলা নং-৫৯, জিআর নং-৪৫৪) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে রোববার তাকে আদালতে পাঠায় পুলিশ। পরে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, নিষিদ্ধ সংগঠনের সদস্য রাকিবুল হাসানকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







