সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৮:১৪

রামগঞ্জে মাদক কারবারে সহযোগিতার অভিযোগে বিএনপি’র তিন নেতাকে শোকজ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে মাদক কারবারে সহযোগিতার অভিযোগে বিএনপি’র তিন নেতাকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নে মাদক কারবারে অর্থ লেনদেন ও সহযোগিতার অভিযোগে বিএনপি’র তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে তাদের কথপোকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে এ পদক্ষেপ নেওয়া হয়।

গত ৩ অক্টোবর ২০২৬ (শনিবার) চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক মো. কাউছার পাটোয়ারীর স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এই নোটিশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান (মনা)।

দলীয় সূত্র ও নোটিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ডে রবিন নামের এক ব্যক্তির সঙ্গে মাদক কারবার পরিচালনা ও আর্থিক লেনদেনের বিষয়টি উঠে আসে। এতে বলা হয়, দলের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ফলে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন তাদের পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বরোবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোয়েব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মুরশিদের রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামালের যৌথ সিদ্ধান্ত ও নির্দেশক্রমে এই নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং রামগঞ্জ উপজেলা বিএনপি’র সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

তবে অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত তিন নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়