প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৪৭
রামগঞ্জে আগুনে পুড়ল জননী পরিবহনের বাস

লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসটার্মিনালে দাঁড়িয়ে থাকা জননী পরিবহনের একটি বাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
|আরো খবর
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ বাসটার্মিনালে পার্কিং করা বাসটিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় বাসটার্মিনাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি নাশকতা নাকি অন্য কিছু, সে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।








