প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৩
জেলা গণগ্রন্থাগারে সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভা ও বিশেষ কর্নার উদ্বোধন

চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর বিটি রোডস্থ ষোলঘর এলাকায় অবস্থিত জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহম্মেদ জিয়াউর রহমান। চাঁদপুর জেলা গণগ্রন্থাগার কর্মকর্তা উম্মে রায়হানা ফেরদৌসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের মূল্যবান সময় নষ্ট করছে। প্রযুক্তির এই যুগেও বই পড়ার কোনো বিকল্প নেই।" অনুষ্ঠানে বইয়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা বিশ্বজুড়ে বইয়ের জনপ্রিয়তার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। এসময় বক্তারা জানান, বিশ্বে একদিনে ৮৩ লাখ কপি বই বিক্রি এবং একক কোনো বইয়ের ৮ কোটি কপি বিক্রির মতো গৌরবময় ইতিহাস রয়েছে। জেলা লাইব্রেরির পাশাপাশি চাঁদপুর সাহিত্য একাডেমি এবং জেলার বিভিন্ন এলাকায় একাধিক বেসরকারি পাঠাগার গড়ে তোলার ওপরও অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভাশেষে জেলা গণগ্রন্থাগারে নবনির্মিত ‘নজরুল কর্নার’ ও ‘স্থানীয় লেখক কর্নার’-এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক মুহাম্মাদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নি, আরিফুল ইসলাম শান্ত, আবু হানিফ এবং আবদুল গনি। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও গ্রন্থাগারের নিয়মিত পাঠকেরা সভায় অংশ নেন।








