প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৫৬
চাঁদপুর ড্রামার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চস্থ হলো নাটক ‘বিদ্যালংকার প্রেস’

চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘চাঁদপুর ড্রামা’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হয়েছে নাটক ‘বিদ্যালংকার প্রেস’। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ছয়টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আবদুস সাত্তারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন পরিমল দাস নুপুর।
নাটক মঞ্চায়নের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া) পিএইচএফ।
‘বিদ্যালংকার প্রেস’ ছিলো চাঁদপুর ড্রামার ৪২তম প্রযোজনার প্রথম মঞ্চায়ন। উদ্বোধনী প্রদর্শনীতেই নাটকটি উপস্থিত দর্শকদের প্রশংসা ও মন জয় করতে সমর্থ হয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পরিমল দাস নুপুর, মজিবুর রহমান দুলাল, মানিক পোদ্দার, রাজীব দাস, পলাশ মজুমদার, হৃদয় কর্মকার (অতিথি শিল্পী), আকবর হোসেন, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, জ্যোৎস্না বেগম, রাত্রি কর্মকার, নিবেদিতা দাস নিশা, অয়ন শিকদার, সরস্বতী রানী মনিঋষি ও জাহিদুল ইসলাম জিদান।
নেপথ্য কুশলী হিসেবে নাটকটির মঞ্চ পরিকল্পনায় ছিলেন পরিমল দাস নুপুর ও মানিক পোদ্দার। আলোক পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ছিলেন হাবিবুর রহমান হাবিব (অতিথি) ও মান্নান চিশতী, আবহসংগীত নিয়ন্ত্রণে প্রদীপ দাস এবং রূপসজ্জায় ছিলেন গোবিন্দ মণ্ডল (অতিথি)। পুরো প্রযোজনাটির অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. মুরাদ হোসেন খান।







