সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:৪৪

আইনি জটিলতায় নৌ পুলিশের হেফাজতে থেকে নষ্ট হচ্ছে অর্ধশত ইঞ্জিনচালিত জেলে নৌকা

আইনি জটিলতায় নৌ পুলিশের হেফাজতে থেকে নষ্ট হচ্ছে অর্ধশত ইঞ্জিনচালিত জেলে নৌকা
অনলাইন ডেস্ক

আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে চাঁদপুরে নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে থাকা প্রায় অর্ধশত ইঞ্জিনচালিত জেলে নৌকা নষ্ট হয়ে যাচ্ছে। জব্দ করার পর দীর্ঘদিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নৌকাগুলো পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় গভীর দুশ্চিন্তায় পড়েছেন এর মালিক দরিদ্র জেলেরা। কারণ, এই নৌকাগুলোই তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন।

অন্যদিকে আইনি নানা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হলেও আদালতের নির্দেশ ছাড়া চাইলেই এগুলো হস্তান্তর বা নিলাম করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সংবাদমাধ্যমকে নৌকাগুলো পুলিশ হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সময়ে পদ্মা ও মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে এসব ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে নৌ পুলিশ। এ সময় জেলেদের আটকের পাশাপাশি তাদের ব্যবহৃত নৌকার বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী কয়েকজন জেলে জানান, তাদের আর্থিক অবস্থা অত্যন্ত অসচ্ছল। এনজিও বা বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে এবং ধারদেনা করে জীবিকা নির্বাহের জন্য তাদের এই নৌকাগুলো তৈরি করতে হয়। অভিযানে জেলেরা আটক হওয়ার পর জামিন পেলেও নৌকা ছাড়ানোর অতিরিক্ত খরচ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয় না।

জেলেদের দাবি, তাদের জামিন পাওয়ার সময় যদি জব্দকৃত নৌকাটিও আদালতের মাধ্যমে দ্রুত ছাড়িয়ে নেওয়ার সুযোগ থাকতো, তবে তাদের আজ এই করুণ দশায় পড়তে হতো না। এভাবে নৌকাগুলো নষ্ট হওয়ায় একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে দিশেহারা হয়ে পড়ছেন প্রান্তিক মৎস্যজীবীরা।

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ আজমগীর হোসেন বলেন, "বিভিন্ন অভিযানে আটক হওয়া অর্ধশত নৌকা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। নির্ধারিত অভিযান শেষে জেলেরা আদালত থেকে জামিন পেলেও নৌকার বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগে। জেলেরা যেভাবে অপরাধের দায়ে মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হন, তাদের নৌকাগুলোর ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।"

তিনি আরও বলেন, "জটিলতা ও অতিরিক্ত খরচের ভয়ে অনেক সময় জেলেরা নৌকাগুলো আর ছাড়িয়ে নিতে আসেন না। ফলে মাসের পর মাস এবং বছরের পর বছর একই স্থানে পড়ে থেকে নৌকাগুলো পচে নষ্ট হচ্ছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত এগুলো নিলাম করা বা কারও কাছে হস্তান্তর করা আমাদের পক্ষে আইনগতভাবে সম্ভব নয়।"

স্থানীয় সচেতন মহলের মতে, দরিদ্র জেলেদের জীবিকার প্রধান মাধ্যম এই নৌকাগুলো এভাবে নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া আরও সহজ বা দ্রুততর করার মাধ্যমে জব্দকৃত এসব নৌকার সঠিক নিষ্পত্তি না হলে একদিকে যেমন বহুমুখী ক্ষতি সাধিত হবে, অন্যদিকে আইনি জটিলতার গ্যাঁড়াকলে পড়ে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়বেন অসহায় দরিদ্র জেলেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়