প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:৩৩
আজ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে খেলবে হাজীগঞ্জ ও মতলব উত্তর উপজেলা
কচুয়াকে হারিয়ে সেমিফাইনালে ফরিদগঞ্জ উপজেলা

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে সহজ জয় তুলে নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরিদগঞ্জ উপজেলা ৩-০ গোলে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরিদগঞ্জ দল।
বিগত টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনায় ফেভারিট দল নিয়ে মাঠে নামে ফরিদগঞ্জ। জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার রেজাউল করিম রেজার নেতৃত্বে দলটি শুরু থেকেই শক্তিশালী ও গোছানো আক্রমণ করে। খেলার প্রথমার্ধে কচুয়া দল সমানতালে লড়াই করে ফরিদগঞ্জকে আটকে রাখার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ফরিদগঞ্জের এক ফরোয়ার্ডের আক্রমণ প্রতিহত করতে গিয়ে কচুয়ার রক্ষণভাগ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে ফরিদগঞ্জকে ১-০ গোলের লিড এনে দেন পুষ্প।
দ্বিতীয়ার্ধে ফরিদগঞ্জ আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। এ সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ১৪ নম্বর জার্সিধারী নাজমুল হোসেন কচুয়ার রক্ষণভাগে ধস নামান। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি একাই পরপর দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদগঞ্জ উপজেলা দল। খেলায় কচুয়ার তুলনায় ফরিদগঞ্জ দলের সমর্থকদের উপস্থিতি ও উল্লাস ছিলো চোখে পড়ার মতো।
রোববারের এই জমজমাট ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সদস্যসচিব জসিম উদ্দিন খান বাবুল ও বর্তমান কমিটির সদস্যসচিব জয়নাল আবেদীন জনু।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








