মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:৪০

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির

স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত চান্দ্রা সমবায় সমিতি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত চান্দ্রা সমবায় সমিতি
ক্যাপসন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন শেখ।

“বাংলাদেশের মধ্যে চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতির কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে—তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন স্থানে সমবায় সমিতি পরিদর্শনকালে সাধারণত আমি সমবায়ীদের শেখানোর চেষ্টা করি, কিন্তু আপনাদের সমিতিতে এসে আমি নিজেই অনেক কিছু শিখলাম।”

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড় এলাকায় ‘চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যালয় ও কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম ফকির, এনডিসি।

পরিদর্শন শেষে সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মহাপরিচালক প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “চান্দ্রা সমবায় সমিতির নিজ উদ্যোগে তৈরি সফটওয়্যারটি অত্যন্ত সময়োপযোগী ও স্বচ্ছতানির্ভর। এই ধরনের আধুনিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শুধু সমবায় সমিতিই নয়, দেশের যেকোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও নিখুঁত ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা সম্ভব।”

তিনি আরও যুক্ত করেন, “সমবায় অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা নিশ্চিত করা গেলে দেশের আমূল পরিবর্তন আনা সম্ভব। তবে অনেক সময় আমরা সামগ্রিক কল্যাণের চেয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে ফেলি, যার ফলে মূল লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যুত হই। আমাদের সবাইকে বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।”

এর আগে পরিদর্শনকালে সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সমবায় অধিদপ্তরের মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সমিতির কার্যক্রম সম্পর্কিত দুটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন এবং ‘চান্দ্রা সফটওয়্যার’-এর লাইভ ডেমো ও ডিজিটাল ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। সফটওয়্যারটির কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট ডেভেলপার ও কর্মকর্তাদের সাথে তিনি বিস্তারিত আলোচনা করেন।

সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মো. দুলাল মিয়া এবং চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।

বিএম হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এ সময় সমিতির সহ-সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক নূরুন নাহার, দেবব্রত সরকার, প্রিয়তোষ চন্দ্র শীল, সুমন চন্দ্র অধিকারী, আশীষ কুমার মজুমদার, মো. মাসুদুর রহমান শেখ, মো. শাহজালাল আল সাফীসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়