সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৪:২২

বাকিলায় বিরোধপূর্ণ জমিতে ওসি রিসিভার নিযুক্ত

ব্যবসা প্রতিষ্ঠান ও ব্র্যাক শাখা বন্ধে ভোগান্তি

হাজীগঞ্জ ব্যুরো ।।
বাকিলায় বিরোধপূর্ণ জমিতে ওসি রিসিভার নিযুক্ত

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে মালিকানা নিয়ে বিরোধ দেখা দেওয়ায় বিতর্কিত ভূমিতে রিসিভার (তত্ত্বাবধায়ক) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। আদালতের আদেশের পর বিতর্কিত মার্কেটের একাংশ বন্ধ করে দিয়েছে পুলিশ।

সম্প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উজালা রানী চাকমা এ আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ থানার ওসিকে বাকিলা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ওই অংশের রিসিভার হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়, রিসিভার হিসেবে হাজীগঞ্জ থানার ওসি বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। একইসঙ্গে নালিশি ভূমির দখল বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৪৫ (১) ধারা অনুযায়ী বাদী ও বিবাদীকে দখল সংক্রান্ত লিখিত বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

অনুসন্ধানে জানা গেছে, বাকিলা বাজারস্থ সন্না মৌজার নিউ সুপার মার্কেটের একাংশ ভূমি নিয়ে স্থানীয় আব্দুর রব কাজী ও রুহুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলার পর বর্তমানে বিষয়টি হাইকোর্টে চলমান। এর মধ্যে সম্প্রতি আব্দুর রব কাজীর এক আবেদনের প্রেক্ষিতে আদালত ওই বিতর্কিত সম্পত্তিতে রিসিভার নিয়োগের আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী রবিবার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বিরোধপূর্ণ অংশের দোকানঘর বন্ধ রাখার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী আব্দুর রব কাজীর ছেলে হারুন কাজী।

এদিকে ওই বিরোধপূর্ণ জমিতে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর একটি শাখা কার্যালয় রয়েছে। রিসিভার নিয়োগের ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক ও সাধারণ ব্যবসায়ীরা।

বিবাদী রুহুল আমিনের পক্ষে জাহাঙ্গীর পাটওয়ারী জানান, সন্না মৌজার বাকিলা বাজারস্থ ১০৩৪, ১০৩৫ ও ১০৩৬ দাগে মাত্র ২ শতাংশ জমি নিয়ে আব্দুর রব কাজীর সাথে বিরোধ রয়েছে। তিনি বলেন, “এ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ৭ থেকে ৮টি মামলা দেওয়া হয়েছে এবং সবকটি মামলার রায় আমাদের পক্ষে এসেছে। সর্বশেষ একটি রায়ের বিরুদ্ধে আব্দুর রব কাজী হাইকোর্টে আপিল করেছেন, যা বর্তমানে বিচারাধীন। এর মধ্যে ২০২২ সালে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ওই জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আব্দুর রব কাজী সেই নিষেধাজ্ঞার তথ্য গোপন করে এডিএম কোর্টে মামলা করেছেন।”

আইনি পদক্ষেপের বিষয়ে তিনি আরও বলেন, “যেহেতু তথ্য গোপন করে ১৪৫ ধারায় আবেদন করা হয়েছে এবং মামলা হাইকোর্টে বিচারাধীন ও জেলা আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে, তাই আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রিসিভার নিয়োগের আদেশ প্রত্যাহারের আবেদন করেছি।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া জানান, “রিসিভার থাকাকালীন এসব ব্যবসা প্রতিষ্ঠানের মাসিক ভাড়া হাজীগঞ্জ থানা ওসির নামে সরকারি কোষাগারে জমা হবে। পরবর্তীতে আদালত যার পক্ষে রায় দেবেন, তিনি সমুদয় ভাড়া পাবেন।” ব্র্যাক কার্যালয় বন্ধের বিষয়ে তিনি বলেন, “আর্থিক প্রতিষ্ঠানের বিষয়টি নিয়ে আমি আদালতের সাথে কথা বলবো এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়