প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৫:৪৪
মৈশাদী ইউনিয়নে জনমতে এগিয়ে সাবেক চেয়ারম্যান মানিক পাটোয়ারী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন সাবেক চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। বিএনপি রাজনীতির স্থানীয় পর্যায় থেকে শুরু করে সাধারণ ভোটারদের মুখে মুখে এখন তাঁর নাম শোনা যাচ্ছে।
সরজমিন অনুসন্ধানে দেখা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনমতে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের সূত্রে জানা যায়, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ডিজিটাল সেবার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সড়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। তাঁর দায়িত্ব পালনকালীন সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগগুলো এলাকাবাসীর মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
এছাড়া করোনাকালীন সংকটময় মুহূর্তে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে 'সততা স্টোর'-এর মাধ্যমে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান মানিক পাটোয়ারী। তাঁর সততা, নির্লোভ ও নিরহংকার মনোভাবের কারণে মৈশাদীবাসী তাঁকে আবারও ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রার্থিতার বিষয়টি গুরুত্বের সাথে প্রাধান্য পাচ্ছে। সাধারণ ভোটারদের একাংশের দাবি, অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্কের কারণে আগামী নির্বাচনেও তিনি জনসমর্থনে এগিয়ে থাকবেন।








