প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯
মা ইলিশ শিকার করলে ৬ মাসের জেল ও জেলে কার্ড বাতিলের হুঁশিয়ারি

মা ইলিশের প্রজনন সুরক্ষা ও দেশের ইলিশ সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট জেলেদের কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে; একই সাথে তাদের নিবন্ধিত জেলে কার্ড বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তর আয়োজিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে।
নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীসংলগ্ন গুরুত্বপূর্ণ ৮ থেকে ৯টি খালের মুখ বন্ধ রাখা, বরফকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং অভয়াশ্রম এলাকায় ৫টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযান চলাকালে নদীতে যে কোনো ধরনের ড্রেজার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বহিরাগত জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নদীতে বিশেষ নজরদারির পাশাপাশি সড়কপথেও চেকপোস্ট বসানো হবে। একই সাথে জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি 'কুইক রেসপন্স টিম' প্রস্তুত রাখা হবে।
আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের মানবিক দিক বিবেচনায় সরকারি সহায়তার উদ্যোগ নিয়েছে প্রশাসন। নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের নিবন্ধিত ৪১ হাজার ৩৯০ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে। তাছাড়া এ সময়ে জেলেরা যাতে এনজিও বা ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধের চাপে না পড়েন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
টাস্কফোর্সের সমন্বিত পদক্ষেপের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, “'ইলিশের বাড়ি' হিসেবে পরিচিত চাঁদপুরের ঐতিহ্য ধরে রাখতে প্রজনন সুরক্ষা অপরিহার্য। মা ইলিশ রক্ষায় আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার মুহতাছিন ইসলাম এবং স্থানীয় জেলে প্রতিনিধিরা।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য বিভাগ ও স্থানীয় জেলেদের যৌথ প্রচেষ্টায় এবারের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
ডিসিকে /এমজেডএইচ








