প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৪
চাঁদপুর মেডিকেল কলেজে তৃতীয় ব্যাচের ইন্টার্নশিপ ও পরিচিতিমূলক কোর্স সম্পন্ন

চাঁদপুর মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের নবীন চিকিৎসকদের বরণ ও রোটেটরি ইন্টার্নশিপ কর্মসূচি উপলক্ষে পরিচিতিমূলক কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে রেনেটা পিএলসির সৌজন্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানটি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেনারেল হাসপাতালের চিকিৎসকদের এক মিলনমেলায় পরিণত হয়।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. হারুন অর রশিদ, অধ্যাপক ডা. সালেহ আহমেদ, ড্যাব চাঁদপুরের সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর খান, ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. নূরে আলম মজুমদার এবং সার্জারি বিভাগের প্রধান ডা. মো. হাসানুর রহমান।
বক্তারা নবীন ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পেশাগত জীবনের এই সূচনা লগ্নে রোগীদের প্রতি সর্বোচ্চ সহানুভূতিশীল ও দায়িত্বশীল থেকে চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে ইন্টার্ন চিকিৎসকদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসকবৃন্দ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী, রেনেটা পিএলসির কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ








