প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২২:৩৬
জেলা রিকশা মালিক সমিতির মতবিনিময় সভা

পুলিশের হয়রানিমূলক রিকশা আটক বিষয়ে চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার শহীদ জাবেদ সড়কে এই মতবিনিময় সভা অনুস্থিত হয়।
সভায় রিকশা শ্রমিকরা অভিযোগ করে বলেন, আমরা যাত্রী নেয়ার পথে রিকশা থেকে যাত্রী নামিয়ে আমাদের রিকশা আটক করা হয়, যাত্রী নেয়ার জন্যে রিকশা রাস্তার পাশে রাখলে আমাদের রিকশা আটক করা হয়। আটক কেনো করা হয়েছে জানতে চাইলে তারা আমাদের কথার উত্তর না দিয়ে জরিমানার রিসিট ধরিয়ে দেয়। এছাড়া আমাদের নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। দিনে ৫শ' টাকা আয় করতে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে। অথচ ওরা আমাদের রিকশা আটক করে ২ হাজার থেকে ৩ হাজার টাকা জরিমানার রিসিট ধরিয়ে দেয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান ছৈয়াল। তিনি বলেন, আপনাদের লাইসেন্স পাওয়ার বিষয়ে আমি চাঁদপুর-৩ আসনের সম্মানিত এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন আপনাদের পক্ষে অবশ্যই তিনি কথা বলবেন। মডেল থানার ওসির সাথে কথা বলেছি। আমি জানিয়েছি, ওনারা ২৫০ টাকার লাইসেন্স ফি ৬ হাজার টাকা করেছেন, আমরা মেনে নিয়েছি। আমরা চাই আপনারা আমাদেরকে সময় দিন। এ সময়ে আপনারা আমাদের রিকশাগুলো আটকাবেন না। উনি এসপি সাহেবের সাথে কথা বলে আমাদের জানাবেন বলে জানিয়েছেন। আমি আশা করবো আপনারা ধৈর্য ধরবেন। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ইনশাআল্লাহ সমস্যা সমাধান করা হবে।
রিকশা মালিক সমিতির সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন
সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জাফর গাজী, দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম (জসিম) পাটওয়ারী, প্রচার সম্পাদক জসিম শেখ, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান গাজী, সাংস্কৃতিক সম্পাদক কার্তিক দত্ত, কার্যনির্বাহী সদস্য মিন্টু বেপারী, খোরশেদ গাজী ও রাধা চন্দ্র সেন। এ সময় ১৩জন কার্যকরী কমিটির ৮জন ও উপস্থিত অর্ধশতাধিক সদস্য এক হয়ে বর্তমান মেয়াদোত্তীর্ণ কার্যকরী কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার পক্ষে মত দেন।








