বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের রেমিট্যান্সযোদ্ধা সোহেল হোসেন নিহত

গ্রামের বাড়িতে শোকের মাতম

প্রবীর চক্রবর্তী
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের রেমিট্যান্সযোদ্ধা সোহেল হোসেন নিহত

নিজের ব্যবসা প্রতিষ্ঠান রেখে অধিক আয়ের খোঁজে দেড় বছর পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গিয়েছিলেন ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোহেল হোসেন (৩৫)। সেখানে গিয়ে শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবারের সচ্ছলতা ফিরাতে পারেন নি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবন প্রদীপ থেমে গেলো। সোহেল হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সৌদি আরব সময় বেলা ১১টার দিকে আল কাসিম এলাকায় সড়কে কাজ করার সময় দ্রুতগতির গাড়ির চাপায় নিহত হন। সোহেল ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাও গ্রামের মো. হোসেন মুন্সীর একমাত্র ছেলে।

নিহত সোহেলের চাচা আনোয়ার হোসেন সজিব জানান, গাব্দেরগাও গ্রামের মুন্সী বাড়ির (সাও বাড়ি) মো. হোসেন মুন্সীর একমাত্র পুত্র সন্তান সোহেলের ফরিদগঞ্জ বাজারে চা-স্টল ছিলো। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরাতে প্রায় দেড় বছর পূর্বে সে সৌদি আরবে শ্রমিক ভিসায় যায়। সেখানে সে শ্রমিক হিসেবে সড়কের কাজ করার সময়ে ৭ এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এক ছেলে দু মেয়ের জনক সোহেল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার শোকে পরিবারে বইছে শোকের মাতম। বৃদ্ধ বাবা-মা ও মরহুমের তিন সন্তান নিয়ে স্ত্রী দিশেহারা।

হাউমাউ করে কেঁদে বৃদ্ধ বাবা মো. হোসেন মুন্সী বলেন, ভেবেছিলাম ছেলে বিদেশে গিয়ে আমাদের দুবেলা দুমুঠো খাবার দেয়ার সাথে সাথে নিজের দারিদ্র্য ঘুচিয়ে সুখের মুখ দেখবে। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলো। আমি সরকারের কাছে আমার একমাত্র ছেলের লাশ যাতে দেশে ফেরত আসে তার জন্যে সহযোগিতা চাই।

এদিকে সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহেল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে তার লাশ দেশে নিয়ে আসতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়