প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০১:০৮
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর ক্যাম্পাসে বিশ্বকাপ ফুটবল নিয়ে রম্য বিতর্ক
আর্জেন্টিনা ও স্পেনকে হারিয়ে ব্রাজিল প্রথম

বিশ্বকাপ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে রম্য বিতর্ক ২০২৬
|আরো খবর
বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচের আগে যেনো আরেকটি ফাইনাল ম্যাচ হয়ে গেলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরে। বিশ্বের সেরা ছয়টি ফুটবল দলর অংশগ্রহণে ফাইনাল ম্যাচের আমেজে এই আয়োজনটি পায়ের যুদ্ধ নয়, ছিলো মুখের যুদ্ধ।
'বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক ২০২৬' নামে এমন একটি ব্যতিক্রমী আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর ক্যাম্পাস। বিশ্বকাপ ফুটবল আসর ২০২৬ থেকে নেইমারের দল ব্রাজিল ছিটকে পড়লেও রম্য বিতর্কের মঞ্চে হার মানে নি ইসমে আজম তাহারাতের দল ব্রাজিল। আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানিকে হারিয়ে ইসমে আজম তাহারাতের দল ব্রাজিল প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ব্রাজিল সমর্থিত দলের এই বক্তা বিচারকদের রায়ে প্রথম হতে পেরে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার কিছুটা হলেও স্বাদ পেয়েছে বলে তার মন্তব্য।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর ক্যাম্পাসে রোববার (১৯ জুলাই ২০২৬) এই রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো 'বিশ্বকাপে আমরাই সেরা'। এই রম্য বিতর্কে ছয়টি দলের হয়ে যে ছয়জন অংশ নিয়েছে তারা হলেন : মানবিক বিভাগের সিদরাতুল মুনতাহা (স্পেন), বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান অহি (আর্জেন্টিনা), একই বিভাগের সাবিয়া সুলতানা মাহি (জার্মানি), মানবিক বিভাগের আয়েশা আক্তার মনিরা (ইংল্যান্ড), বিজ্ঞান বিভাগের জাস্টিন সরকার (ফ্রান্স) এবং মানবিক বিভাগের ইসমে আজম তাহারাত (ব্রাজিল)। বিতর্কের মঞ্চে সকল বক্তা ৫ মিনিট করে বক্তৃতার সময় পেয়েছে। এই পাঁচ মিনিট একেকজন বক্তা অপর দলগুলোকে নানা কথার দ্বারা ঘায়েল করেছে। ছিলো প্রশ্ন-পাল্টা প্রশ্ন। দু শতাধিক দর্শক এই রম্য বিতর্ক উপভোগ করে। সব মিলিয়ে বেশ আনন্দময় এবং উপভোগ্য ছিলো এই রম্য বিতর্ক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও পুরো বিতর্কটি দেখেন। সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিতর্ক আন্দোলনের একজন দক্ষ সংগঠক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা ও এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর খান। এছাড়া অতিথি হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল, ড্যাফোডিল গ্রুপের কো-অর্ডিনেটর মো. মাহাবুবুল হোসাইন ও সহকারী কো-অর্ডিনেটর মো. ইকবাল হোসেন। অতিথিদের বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রথম হয়েছে ব্রাজিল সমর্থিত দলের ইসমে আজম তাহারাত, দ্বিতীয় আর্জেন্টিনার নুসরাত জাহান অহি, তৃতীয় ফ্রান্সের জাস্টিন সরকার, চতুর্থ স্পেনের সিদরাতুল মুনতাহা রাহি, পঞ্চম ইংল্যান্ডের আয়েশা আক্তার মনিরা এবং ষষ্ঠ হয়েছে জার্মানির সাবিয়া সুলতানা মাহি।
পুরো বিতর্ক পর্বে মডারেটর ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের প্রভাষক রাবেয়া আক্তার। বিচারক ছিলেন সাবেক বিতার্কিক ফারহানা আক্তার ও জিহাদুল ইসলাম। সময় নিয়ন্ত্রক ছিলেন কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বৃষ্টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক নাজমুন নাহার মুন্নী।
প্রধান অতিথি কাজী শাহাদাত তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র পড়াশোনায় ভালো রেজাল্ট করলেই হয় না, সহপাঠক্রমিক কার্যক্রমেও এগিয়ে থাকতে হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর ক্যাম্পাস বিতর্ক, ফুটবলসহ নানা সহপাঠক্রমিক আয়োজন করছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের প্রাক্কালে রম্য বিতর্কের আয়োজন করে অনেক আনন্দ দিয়েছে। এ জন্যে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ডিসিকে/ এমজেডএইচ








