প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২১:২৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে জেলা বিএনপির ৭ দিনের কর্মসূচি ও রচনা প্রতিযোগিতা

মহান ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা বিএনপি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘মহান ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক ৫০০ শব্দের মধ্যে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার)-এর মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সুবিধাজনক সময়ে এই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লেখা রচনা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি কমিটি রচনাগুলো যাচাই-বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করবে।
নির্বাচিত তিন প্রতিযোগীর নাম, রচনার কপি, শিক্ষার্থীর মোবাইল নম্বর ও এক কপি ছবি আগামী ৪ নভেম্বর ২০২৬ (বুধবার)-এর মধ্যে ‘মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন’ উপলক্ষে গঠিত রচনা প্রতিযোগিতা উপ-কমিটির কাছে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সংশ্নিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে উপ-কমিটির বিচারকদের মাধ্যমে যাচাই-বাছাই শেষে সেরা ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতা ও তথ্য জমা দেয়ার বিষয়ে বিস্তারিত জানতে রচনা প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য সচিব ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার এবং সদস্য ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিসান আহমেদ (০১৮৭৩১৬১৫১৬) ও রাজিব খান (০১৯২৮৭০৫৫১৪)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।








