রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৯:০৭

শাহরাস্তিতে জমি সংক্রান্ত বিরোধ

গোরস্থানে দাফনে বাধা দেয়ায় ৮৫ বছরের বৃদ্ধের শেষ ঠাঁই হলো বাড়ির আঙিনায়

মো. মঈনুল ইসলাম কাজল।।
গোরস্থানে দাফনে বাধা দেয়ায় ৮৫ বছরের বৃদ্ধের শেষ ঠাঁই হলো বাড়ির আঙিনায়

শাহরাস্তি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮৫ বছর বয়সী বৃদ্ধ নুরুল ইসলামের শেষ ঠিকানা পারিবারিক গোরস্থানে না হয়ে হয়েছে নিজ বাড়ির আঙিনায়।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) বাদ আসর জানাজাশেষে দাফনের কথা থাকলেও স্বজনদের বাধার মুখে শেষ পর্যন্ত বাদ এশা দাফন সম্পন্ন করতে বাধ্য হয় পরিবার।

স্থানীয় সূত্র ও ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার কুলশী মিয়াজী বাড়ির নুরুল ইসলাম মিয়াজী রোববার সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর স্বজনেরা দাফনের প্রস্তুতি নিলে একই বাড়ির মো. আলমের পরিবার বাধা দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কোনো সমঝোতা বা সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত মৃত নুরুল ইসলামকে তাঁর বাড়ির আঙিনাতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিহতের ভাগিনা খোকন পাটোয়ারী জানান, তার মামার কোনো ছেলে নেই, কেবল ৫টি মেয়ে রয়েছে। পূর্বপুরুষদের দাফন এই পারিবারিক গোরস্থানেই করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি আরও জটিল না করতে আমরা বাড়ির আঙিনাতেই দাফনের সিদ্ধান্ত নিয়েছি।

নিহতের ভাতিজা মাহবুবুর আলম বলেন, “এটি আমাদের ঐতিহ্যবাহী পারিবারিক গোরস্থান। মো. আলম কিছুদিন আগে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন, তবে আদালত এখনো কোনো ধরনের নিষেধাজ্ঞা বা রায় প্রদান করেননি।”

অন্যদিকে, প্রবাসী মো. আলম মুঠোফোনে সম্পত্তি দাবির বিষয়টি স্বীকার করে বলেন, “উক্ত জমি নিয়ে পাকিস্তান আমল থেকেই বিরোধ চলে আসছে। মৃত নুরুল ইসলাম জীবিত অবস্থায় তাকে আক্রমণ করতে এসেছিলেন এবং তার ক্ষেতের ধান নষ্ট করেছিলেন। ফলে তিনি বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করতে পারেননি।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাদ এশা পরিবারের উদ্যোগে নিজ বাড়ির আঙিনায় নুরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়