প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২২:৪৭
ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী ৬
গুপ্টি পূর্বের গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখার মতো প্রার্থী হবেন তো?

তিন উপজেলার সীমান্তবর্তী এলাকা হলো ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন। উপজেলার উত্তর-পূর্বাংশে গুপ্টি পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সুবিদপুর পূর্ব ইউনিয়ন ও সুবিদপুর পশ্চিম ইউনিয়ন, পশ্চিমে পাইকপাড়া উত্তর ইউনিয়ন ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে গুপ্টি পশ্চিম ইউনিয়ন ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা এবং পূর্বে হাজীগঞ্জ উপজেলা।
|আরো খবর
৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের আয়তন প্রায় ১৪.৪৫ বর্গকিলোমিটার। এ ইউনিয়নের মোট রাস্তা ৪২ হাজার মিটার (তথ্য বাতায়ন)। উপজেলা এলজিইডির অসহযোগিতার কারণে ইউনিয়নের রাস্তার সঠিক পরিসংখ্যান তুলে ধরা সম্ভব হয়নি। এ ইউনিয়নে ৬টি বড় বিল রয়েছে। খাল রয়েছে ১০টি। বড় বাজার ৪টি। বাজারগুলো হলো—গল্লাক বাজার, আষ্টা বাজার, ফকির বাজার ও গুপ্টি বাজার। তিন উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এবং ফরিদগঞ্জ সদর থেকে দূরবর্তী হওয়ায় এর গুরুত্ব অন্যরকম।
ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৭০৩ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৩৬৪ জন, নারী ১০ হাজার ৩৩৯ জন। ভোটকেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ৪৪টি।
ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী। শুভ্র দাড়ির অধিকারী এবং তিনি সবচেয়ে প্রবীণ চেয়ারম্যান। তাঁর কর্মচাঞ্চল্যের কারণে উপজেলাজুড়ে তাঁর একটি আলাদা পরিচয় আছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন ইউনিয়নকে সুন্দরভাবে সাজাতে। আওয়ামী লীগ আমলেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। তাঁর আগে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের বাবুল পাটওয়ারী। শাহজাহান চৌধুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। জনপ্রিয়তার কারণে তিনি এবারও প্রার্থী হতে পারেন; তবে কেউ কেউ বলেন, তিনি তাঁর ছেলের হাতেও ছেড়ে দিতে পারেন নির্বাচনী তরী। তবে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমেদ মোল্লা। তিনিও বিএনপি পরিবারের সদস্য। ফয়েজ আহমেদ মোল্লা চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সহ-সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৫ নম্বর গুপ্টি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিএনপি থেকে অন্য সম্ভাব্য প্রার্থীরা হলেন : উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মনির পাটওয়ারী। মনির পাটওয়ারী আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করছেন। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সনাতন ধর্মের দু মুখ প্রকাশ রায় ও বাবুল মন্ডল। প্রকাশ রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. রাশেদ আলমও সম্ভাব্য প্রার্থী।
বিএনপি থেকে আরও যাদের নাম নির্বাচনী মাঠে শোনা যাচ্ছে, তারা হলেন—রমনা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৫ নম্বর গুপ্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ মো. সদরউদ্দিন (শিপন) এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আজাদ পাটওয়ারী। অন্যদিকে জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া।








