সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮

ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-৭

গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা

গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা
নুরুল ইসলাম ফরহাদ

নির্বাচন আসে, নির্বাচন যায়; প্রার্থী হয়, জনপ্রতিনিধিও হয়। কিন্তু ইউনিয়নগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। শত প্রশ্নের মাঝে এলাকাবাসীর একটিই প্রশ্ন—গুপ্টি পশ্চিম ইউনিয়নের ভাগ্য পরিবর্তন করার মতো এবার কোনো প্রার্থী কি আসবেন? তবে বাস্তবতা হলো—ভাগ্য পরিবর্তন হোক আর না হোক, নির্বাচন আসবে এবং প্রার্থীরাও আসবেন।

৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্বে ও উত্তরে গুপ্টি পূর্ব ইউনিয়ন, পশ্চিমে পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ ও রূপসা উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা অবস্থিত।

এ ইউনিয়নের আয়তন ১০.৮০ বর্গকিলোমিটার। এটি উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। গুপ্টি পশ্চিমে দুটি বাজার রয়েছে; বাজারগুলো হলো খাজুরিয়া বাজার ও লতিফগঞ্জ বাজার। ফরিদগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের অসহযোগিতার কারণে রাস্তাঘাটের সঠিক তথ্য উপস্থাপন করা সম্ভব হয়নি।

এ ইউনিয়নটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের ভয়াবহ ছড়াছড়ি রয়েছে। অপরাধ করে সহজেই অন্য জেলায় পালিয়ে যাওয়া যায়।

ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গুপ্টি পশ্চিম ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮৫৭ জন এবং নারী ১০ হাজার ১৬৭ জন। ভোটকেন্দ্র ৯টি, অস্থায়ী কেন্দ্র ১টি ও ভোটকক্ষ ৪০টি।

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বুলবুল আহমেদ। তিনি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পরিবারের প্রার্থী ছিলেন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন আবুল কালাম ভূঁইয়া। তাঁকেও আওয়ামী লীগ পরিবারের লোক হিসেবেই বিবেচনা করা হতো।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন—ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান (কাজী জসিম), ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খান (কালু)। এ ছাড়া নির্বাচন করবেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস গাজী ও সৌদি আরব বিএনপি নেতা মো. তাজুল ইসলাম গাজী। জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শেখ মো. বেলায়েত হোসেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়