প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৪
ডিবির সাবেক এসআই মাজহারুলের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক সাব-ইন্সপেক্টর (এসআই) মাজহারুল ইসলাম সুমনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
|আরো খবর
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাদ্দাম হোসেন ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা এলাকার বাসিন্দা ও একজন প্রবাসী। কাজের সূত্রে এসআই মাজহারুল ইসলাম সুমনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে এসআই সুমন লক্ষ্মীপুর জেলায় বদলি হন। এরপর পুনরায় চাঁদপুরে বদলি হয়ে আসার কথা বলে তিনি প্রবাসী সাদ্দামের কাছ থেকে টাকা ধার চান। সে অনুযায়ী ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে গত ৭ মে দুই কিস্তিতে মোট ১ লাখ টাকা এবং বাসায় এসি কেনার কথা বলে গত বছরের ৬ ডিসেম্বর ৩০ হাজার টাকা নেন এসআই সুমন।
অভিযোগে বলা হয়, পাওনা ১ লাখ ৩০ হাজার টাকা ফেরত না দিয়ে এসআই সুমন প্রবাসী সাদ্দামকে দীর্ঘদিন ধরে ঘোরাতে থাকেন। টাকা ফেরত দেওয়ার বিষয়ে তাদের কথোপকথনের একটি ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে, যেখানে এসআই সুমন টাকা নেওয়ার কথা স্বীকার করলেও তা ফেরত দেওয়ার কোনো নির্দিষ্ট সময় জানাননি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ডিবিতে কর্মরত থাকাকালে এসআই সুমন একটি মামলার বিবাদী মুক্তা আক্তার নামে এক নারীর সঙ্গে ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ওই নারী চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি (সাহেব বাজার) এলাকার বাসিন্দা। গত ২১ আগস্ট ওই নারীকে গাড়িতে করে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান সুমন। পরবর্তীতে ২৬ আগস্ট রাতে চাঁদপুর শহরের একটি বাসায় ওই নারীকে নিয়ে তিনি রাত্রিযাপন করেন এবং পরদিন সকালে এক ঘণ্টার ব্যবধানে দুজনে সেখান থেকে বের হয়ে যান। সিসিটিভি ফুটেজে ওই বাসায় তাদের যাতায়াতের দৃশ্য রেকর্ড রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের দাবি, ডিবি পুলিশে কর্মরত থাকার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে এসআই সুমন শহরে একটি বিশেষ চক্র গড়ে তুলেছিলেন এবং নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
সম্প্রতি এসব ঘটনার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রবাসী সাদ্দাম হোসেন চাঁদপুর জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের পদে থেকে এমন অনৈতিক কর্মকাণ্ড ও প্রতারণার ঘটনায় চরম হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারটি।
ডিসিকে/ এমজেডএইচ





