প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫
ভোক্তা অধিদপ্তরের অভিযান
দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার করা হচ্ছে। মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা হয়। এমন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
|আরো খবর
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পালবাজার ও কুমিল্লা রোড এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ করা হয়।
শহরের পালবাজারে জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার এবং ক্ষতিকর রং মিশিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুতের অপরাধে মানিক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ এবং নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে এইচএমসিএল নামে একটি এমএলএলএম কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের সংরক্ষিত খালি প্যাকেট ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








