প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৯
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৬ বছরপূর্তি
মেহেদী উৎসব প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁদপুরের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’-এর ৩৬ বছরপূর্তি এবং এ উপলক্ষে আয়োজিত ‘মেহেদী উৎসব প্রতিযোগিতা ২০২৬’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব বিন ছায়েদ লিটনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যাভিনেতা গোবিন্দ মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দ মণ্ডল বলেন, “সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মনন ও সৃজনশীলতাকে বিকশিত করে। নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর ধারার সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিন দশকেরও বেশি সময় ধরে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন কুঁড়ির পথচলা অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এই সংগঠন আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, সাংবাদিক ও নাট্যকর্মী মো. আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার, সদস্য অভিজিৎ আচার্যীসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।








