প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:২০
এইচএসসিতে চাঁদপুর জেলায় তৃতীয় স্থানে জিলানী চিশতী কলেজ
পাসের হার ৭৬.২৭, জিপিএ-৫ পেয়েছে ১ জন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীন সদ্য ঘোষিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ সাফল্যজনক অর্জনসহ চাঁদপুর জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে।
|আরো খবর
৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৫ জন উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠানে পাসের হার শতকরা ৭৬.২৭ ভাগ।
প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ৮ জন, এ মাইনাস গ্রেড পেয়েছে ৯ জন, বি গ্রেড পেয়েছে ১৪ জন, সি গ্রেড পেয়েছে ১১ জন এবং ডি গ্রেড পেয়েছে ২ জন শিক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্ত কৃতিত্বপূর্ণ শিক্ষার্থী হলো মানবিক বিভাগের রূপা রানী দাস (বোর্ড রোল : ৩৬১৩৬৯, রেজিস্ট্রেশন নম্বর : ২১১১৭৩৮১৯৫)। সে চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি (পোস্ট : শাহতলী বাজার) গ্রামের খোকন চন্দ্র সরকার ও চম্পা রানী সরকারের কন্যা।
এইচএসসি পরীক্ষায় এমন সাফল্যজনক ফলাফল অর্জন, জিপিএ-৫ লাভ ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।







