প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০০:৩৯
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটির তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোশারফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শাখার সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস, প্রভাষক রাসেল মিয়া এবং শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক হুমায়ুন কবির। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, দেশপ্রেম ও নতুন প্রজন্মের দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নিহত প্রতিষ্ঠানটির কলেজ শাখার সাবেক শিক্ষার্থী শহীদ আব্দুর রহমানের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক ক্বারী হযরত আলী। এ সময় দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞজন মনে করছেন।
.ডিসিকে /এমজেডএইচ








