শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:৩৪

সিলেটে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮

স্টাফ রিপোর্টার।।
সিলেটে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮

ছুটির দিনে সিলেটে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের এক প্রবাসী ও এক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের অন্তত ৮ জন সফরসঙ্গী গুরুতর আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থানা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ (৮নং ওয়ার্ড) গ্রামের হাসিম বকাউলের ছেলে সাবেক প্রবাসী মো. সোহেল বকাউল (৩৬) এবং একই ইউনিয়নের পিংড়া (২নং ওয়ার্ড) গ্রামের খালেক তপদারের ছেলে চাঁদপুর শহরের ব্যবসায়ী মো. খায়রুজ্জামান পিপুল (৪৫)। পিপুল চাঁদপুর জেলার বিখ্যাত নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অভিনয়ও করতেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন— চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রোবাস চালক শরীফ হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট ও আলন প্রধানীয়াসহ আরও দুজন।

প্রত্যক্ষদর্শী ও আহত সফরসঙ্গী সুজন খান জানান, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার সকাল ৭টার দিকে গাড়িটি সিলেটের শেরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় অ্যাম্বুলেন্সটি তাদের মাইক্রোবাসে সজোরে আঘাত করলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সোহেল ও খায়রুজ্জামান নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় যাত্রীদের অধিকাংশ ঘুমিয়ে ছিলেন বলে জানান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ছুটির দিনে পর্যটনে গিয়ে চাঁদপুরের দু জনের এমন অকাল ও হৃদয়বিদারক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়