প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:৫৭
আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এর শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদান এর মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিলো। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্যে শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে 'মে দিবস' হিসেবে পালন করা হচ্ছে। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই দিনটি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।
|আরো খবর
এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'সুস্থ শ্রমিক, কর্মঠ হাত/ আসবে এবার নব প্রভাত'। সেই আলোকে চাঁদপুর জেলাতেও নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, র্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানসূচি : 'মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬' উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর এবং শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর-এর যৌথ উদ্যোগে আজ ১ মে, ২০২৬ (১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ) শুক্রবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এর আয়োজন করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত র্যালি হবে। সেখানেই সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. রবিউল হাসান উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
র্যালি ও আলোচনা অনুষ্ঠান এ আমন্ত্রিতদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মেহেদী হাসান।
চাঁদপুর জেলা শ্রমিক দলের কর্মসূচি
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চাঁদপুর জেলা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। আজ শুক্রবার (১ মে ২০২৬) বিকেল তিনটায় জেলা বিএনপি কার্যালয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। এছাড়া বক্তব্য রাখবেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়া।
এছাড়া মহান মে দিবস উপলক্ষে পুরাণবাজার ব্যবসায়িক এলাকায় শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
ডিসিকে /এমজেডএইচ








