প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩
ফুলের শুভেচ্ছা নিলেন না শিক্ষামন্ত্রী ড. মিলন: 'চমক' শুরুর প্রথম দিন!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা জানাতে আসা কর্মচারীদের কাছ থেকে ফুল নেননি শিক্ষামন্ত্রী। বুধবার দুপুরে সচিবালয়ের ৬ নং ভবনের নিচেই গাড়ি থেকে নামার পরপরই তাকে ফুল দিতে গেলে তিনি তা ফিরিয়ে দেন।
|আরো খবর
এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা বাড়াতে হবে। এডুকেশন মিনিস্ট্রি ইজ জাস্ট নট এ মিনিস্ট্রি। ইটস এ ফাউন্ডেশন মিনিস্ট্রি। এটিই সেই মিনিস্ট্রি যেখান থেকে একটি খাঁটি সোনার দেশ জন্মগ্রহণ করবে। অতএব ইটস এ সিরিয়াস মিনিস্ট্রি। উই মাস্ট টেক এ সিরিয়াস ইনিশিয়েটিভ ইন দিস মিনিস্ট্রি।
শিক্ষামন্ত্রী আরও যোগ করেন, শিক্ষায় এখন আর দুর্নীতি হবে না, এটাই ফাইনাল। তিনি স্পষ্ট জানান যে, উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার এবং শিক্ষায় নকল বা প্রশ্নফাঁস আর ফিরবে না। শিক্ষার চেয়ে অন্য খাতে বেশি বাজেট দেয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, অপেক্ষা করুন, চমক দেখবেন।








