রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০১:১১

কচুয়ায় মাদকের বিরুদ্ধে সোচ্চার প্রবাসীর বাড়িতে আগুন, দোষীদের গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার
কচুয়ায় মাদকের বিরুদ্ধে সোচ্চার প্রবাসীর বাড়িতে আগুন, দোষীদের গ্রেপ্তারের দাবি

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনগাজী প্রধানীয়া বাড়িতে রাতের আঁধারে এক প্রবাসীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাতে স্থানীয় বাসিন্দা মনির হোসেন ও প্রবাসী সায়েম হাসানের যৌথ বসতঘরে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা প্রতিশোধমূলকভাবে এ হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সায়েম হাসান এলাকায় দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি কড়ইয়া এলাকায় মাদক সিন্ডিকেটের অপ তৎপরতা ও দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন এবং এলাকার সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদকচক্র শুক্রবার রাতের আঁধারে পরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

​আগুনে ঘরের বিপুল পরিমাণ আসবাবপত্র, মূল্যবান মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র ভস্মীভূত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। এ আকস্মিক ও ন্যক্কারজনক ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ জানানোয় প্রবাসীর পরিবারকে এভাবে টার্গেট করে অগ্নিসংযোগ করা আইনশৃঙ্খলার ওপর সরাসরি চ্যালেঞ্জ। আমরা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।"

​ঘটনার পর বিষয়টি কচুয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়